বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের একাধিক জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে এই কম্পন টের পান বিভিন্ন এলাকার মানুষ। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি।

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের কয়েকটি জেলার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। হঠাৎ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

অ্যান্ড্রয়েডভিত্তিক ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন ভোর ৪টা ৩৬ মিনিটে দেশে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। সে সময় ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। পরবর্তীতে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোরের ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়। কেন্দ্রস্থলের গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। ওই সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়।