বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নরসিংদীর রায়পুরায় গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

নরসিংদীর রায়পুরায় গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মোস্তাকিম মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম মিয়া ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এরশাদ গ্রুপ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন, তবে আহতদের সঠিক সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি।

সংঘর্ষের সময় মোস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মোস্তাকিম কোনো গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে তার পরিবার দাবি করেছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ জানান, বুধবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাকিমকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার কোনো প্রাণের স্পন্দন পাওয়া যায়নি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ