শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি: পুলিশ
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরের এক ঘণ্টার মধ্যেই আইফোনসহ অন্তত ১০–১২টি মোবাইল ফোন চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। চুরি হওয়া মোবাইল উদ্ধারে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে সাংবাদিকদের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, প্রথম প্রহরে বিপুল সংখ্যক মানুষ কেন্দ্রীয় শহীদ মিনার-এ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এই ভিড়ের মধ্যেই মোবাইল হারানোর অভিযোগগুলো আসে।
তিনি বলেন, “হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। তবে এর মধ্যে কে চোর আর কে সাধারণ মানুষ—তা শনাক্ত করা কঠিন। আমরা একাধিক অভিযোগ পেয়েছি। যারা মোবাইল হারিয়েছেন, তাদের সবাইকে জিডি করার অনুরোধ করা হয়েছে।”
ডিসি মাসুদ আলম আরও বলেন, “হারানো কয়েকটি মোবাইলের নম্বর আমাদের কাছে এসেছে। সেগুলো প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ইনশাআল্লাহ পাওয়া যাবে, তবে এতে কিছুটা সময় লাগতে পারে।”
তিনি জানান, মৌখিকভাবে অন্তত ১০–১২ জন তার কাছে মোবাইল হারানোর অভিযোগ করেছেন। এ সময় শ্রদ্ধা নিবেদন করতে আসা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ঘটনার পরপরই ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে।



























