শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে খুলল আওয়ামী লীগ অফিস

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে খুলল আওয়ামী লীগ অফিস
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশ আওয়ামী লীগ–এর আঞ্চলিক কার্যালয় পুনরায় খুলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উদ্বোধন করেছেন নেতা–কর্মীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্র ও ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ–এর নড়াইল জেলা সহসভাপতি কাজী আব্দুল আলিম–এর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’।

নিজের ফেসবুক পোস্টে কাজী আব্দুল আলিম জানান, দীর্ঘ ১৮ মাস পর নড়াইলের লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ