সোমবার ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২ মার্চ ২০২৬

ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ : আইজিপি

ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ : আইজিপি
ছবি: সংগৃহীত

ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সকল জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন তিনি।

আইজিপি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন।

তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এক্ষেত্রে তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।
 
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়ে পুলিশ প্রধান বলেন, ঈদে যানজট রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে।

আইজিপি বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যাতে তারা থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন। মানুষের সঙ্গে সদাচরণ করে তাদের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বাড়াতে সচেষ্ট থাকতে হবে।