সোমবার ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ২ মার্চ ২০২৬

অর্থনীতিকে বেগবান করতে সরকার ‘কৃষি ঋণ’ মওকুফ করেছে : তথ্যমন্ত্রী

অর্থনীতিকে বেগবান করতে সরকার ‘কৃষি ঋণ’ মওকুফ করেছে : তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের কৃষি অর্থনীতিকে বেগবান ও গ্রামীণ জনপদে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গৃহীত এই পদক্ষেপের ফলে সাধারণ কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময় কোটি কোটি টাকা লুণ্ঠনকারী ঋণখেলাপিরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলেও প্রকৃত উৎপাদনকারী কৃষকরা ছিল অবহেলিত।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার মাত্র ১৪ দিন হলো দায়িত্ব নিয়েছে। এই ক’দিনের মধ্যে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ রয়েছে, তাদের আসল ও সুদসহ সম্পূর্ণ টাকা মওকুফ করে দেওয়া হয়েছে।’

তথ্যমন্ত্রী জানান, এই মওকুফের ফলে যে প্রণোদনা তৈরি হবে, তা আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এছাড়া অতি দ্রুত ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের পাইলট প্রকল্প শুরু হচ্ছে বলেও জানান তিনি।