মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ৩ মার্চ ২০২৬

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গে দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং হাফিজ আহ্‌সান ফরিদ-ও পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বেলা আড়াইটার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে তাঁদের প্রবেশ করতে দেখা যায়। প্রায় ১০ মিনিটের মধ্যে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যান।

পদত্যাগপত্র জমা দিয়ে বের হওয়ার সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, কোনো চাপ নয়—নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, মোহাম্মদ আবদুল মোমেন ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে তিনি জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা লাভ করেন।

২০২৪ সালের ১০ ডিসেম্বর সরকার তাঁকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। একই দিন দুই কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রশাসনিক রদবদল আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছায় পদত্যাগের তালিকায় এবার দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের নাম যুক্ত হলো।

সর্বশেষ