শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয় : শিক্ষামন্ত্রী
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার দুপুরে মাউশি মিলনায়তনে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় ঘুরতে না হয়।’
শিক্ষামন্ত্রী ড. মিলন বলেন, শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়সমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ডিজিটাল অটোমেশন এবং আধুনিক পদ্ধতি চালুর ওপর বিশেষ জোর দেন মন্ত্রী।



























