পাকিস্তানের তারুণ্যনির্ভর দল নিয়ে যা বলছেন সোহেল
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী সোমবার ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছে সফরকারীরা। ঘোষিত দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের তরুণনির্ভর স্কোয়াড নিয়ে নিজের মতামত জানান কোচ সোহেল ইসলাম।
বাংলাদেশকে হালকাভাবে নিয়েই কি তরুণদের সুযোগ দিয়েছে পাকিস্তান—এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন, “না, আমি তা মনে করি না। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাই তাদের নিজস্ব কৌশল ও পরিকল্পনা আছে। তারা দেখতে চায় নতুন ক্রিকেটারদের কীভাবে কাজে লাগানো যায় এবং দীর্ঘমেয়াদে কারা কার্যকর হতে পারে।”
তিনি আরও বলেন, “নতুন ক্রিকেটারদের নেওয়া হবে কি না, কিংবা কাউকে কীভাবে পর্যবেক্ষণ করা হবে—এসবই নির্ভর করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর।”
বাংলাদেশের তুলনায় পাকিস্তান অনেক এগিয়ে—এমন ধারণার সঙ্গে একমত নন সোহেল ইসলাম। তার ভাষ্য, “তিন সংস্করণের মধ্যে আমরা তুলনামূলকভাবে ওয়ানডেতে ভালো খেলি। আমাদের ঘরোয়া লিগগুলো মূলত ওয়ানডে ফরম্যাটেই হয় এবং আগের রেকর্ডও আমাদের পক্ষে কথা বলে। দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও আমরা সক্ষম।”
তিনি যোগ করেন, “এমন না যে পাকিস্তান টানা ওয়ানডে খেলে এসেছে। তারাও সম্প্রতি টি-টোয়েন্টি খেলছিল। এখন এসে ওয়ানডে খেলছে। এই জায়গায় দুই দলই প্রায় একই অবস্থানে।”
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বর্তমান ফর্ম নিয়েও আশাবাদী বাংলাদেশ দলের এই কোচ। সোহেল বলেন, “একজন ক্রিকেটারের খারাপ সময় যেতেই পারে। কিন্তু সে আগে ভালো খেলেছে মানে সে প্রমাণিত। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে বিপিএল বা বিসিএলের আগে কী ধরনের প্রস্তুতি নিয়েছে।”
তিনি আরও বলেন, “আজ পাকিস্তান সিরিজ সামনে রেখে যে অনুশীলন হয়েছে, সেখানে আমরা মূলত দেখছি কী কী চ্যালেঞ্জ আসতে পারে এবং কোন জায়গাগুলোতে বেশি কাজ করা দরকার—সেগুলোর দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।”



























