মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ১০ মার্চ ২০২৬

ফ্যামিলি কার্ড’ প্রকল্পের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড’ প্রকল্পের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের নারীপ্রধান পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।

এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সরকার প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক ভাতা প্রদান করবে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে উপকারভোগীদের পছন্দ অনুযায়ী সরাসরি মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। এর ফলে সুবিধাভোগীরা কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে তাদের ভাতার টাকা সংগ্রহ করতে পারবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য এই খাতে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রকল্পের শুরুর দিকে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক বিশ্লেষণ করে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই পাঁচটি শ্রেণিতে বিন্যস্ত করা হয়। প্রাথমিক তালিকায় থাকা ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য নিবিড়ভাবে যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারকে চূড়ান্তভাবে সঠিক ও ভাতার যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।