রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত
রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের সড়কে মুরগিবাহী ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতারা হলেন- শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)।
হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, রাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজন মুরগি ব্যবসায়ী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



























