মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ১০ মার্চ ২০২৬

লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে ধর্ষণ

লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে ধর্ষণ
ছবি: সংগৃহীত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) ভুক্তভোগীর ভাই রাজধানীর কোতোয়ালি থানা-তে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৮ মার্চ (রবিবার) দুপুরে ওই শিক্ষার্থীকে তার বাবা হাতিয়ার তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকা অভিমুখী ‘ফারহান-০৪’ লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে উঠিয়ে দেন। একই ঘাট থেকে অভিযুক্ত সাকিব ও মিঠু লঞ্চে ওঠে।

লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর তারা শিক্ষার্থীর কেবিনে নক করে এবং তার বাবাকে চেনে বলে পরিচয় দেয়। পরে তারা জানায় যে, তাদের কাছে মোটরসাইকেল কেনার জন্য অনেক টাকা রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সেই টাকা কেবিনে রাখতে চায়। সরল বিশ্বাসে ছাত্রী তাদের টাকা রাখতে রাজি হয়।

এরপর অভিযুক্তরা জোরপূর্বক কেবিনে প্রবেশ করে। মিঠু শিক্ষার্থীর মোবাইল ফোন কেড়ে নিয়ে বাইরে পাহারা দেয় এবং সাকিব উদ্দিন প্রথমবারের মতো তাকে ধর্ষণ করে। রাত ৮টার দিকে তারা পুনরায় কেবিনে প্রবেশ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ছাত্রীকে আবারও ধর্ষণ করে।

বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. ফয়সাল আহমেদ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবারই তাদের আদালতে হাজির করা হবে।