শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৩৮, ১৩ মার্চ ২০২৬

সংসদের হেডফোনে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে: এমপি আরমান

সংসদের হেডফোনে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে: এমপি আরমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া হেডফোন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)। তিনি অভিযোগ করেছেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শেষ দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

কালো রঙের একটি হেডফোনের ছবি শেয়ার করে পোস্টে আরমান লেখেন, ‘এই হেডফোনের মান এতটাই ভয়াবহ যে ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের—সংসদের পুরোনো ডিভাইসও এর চেয়ে পরিষ্কার অডিও দিত নিশ্চয়ই।’

এর আগে অধিবেশন চলাকালে সংসদের মাইকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন।

স্পিকার বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে সমস্যা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন জোহরের আজান দিচ্ছে। সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হলো।’

এর আগে বেলা ১১টার পর সংসদের অধিবেশন শুরু হয়। শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পরে স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন।

পরে সংসদের অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি ঘোষণা করা হয়। বিরতিকালে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মুলতবি শেষে দুপুর পৌনে ১টার পর আবারও অধিবেশন শুরু হয়। এ সময় সভা পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কিছুক্ষণ তিনি সংসদের মাইকে কথা বলার চেষ্টা করলে শব্দ বিভ্রাট তৈরি হয়। পরে তিনি হ্যান্ডমাইকে কথা বলা শুরু করেন।

সর্বশেষ

জনপ্রিয়