রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন একই সময়ে ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ০৪ মিনিটে।
এর আগে বুধবার রাতে ঢাকায় কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হয়েছে। ওই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ৩১ মিলিমিটার।



























