জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য বিশ্লেষণ করা হবে। এর ভিত্তিতেই পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ অনুরোধ জানিয়েছে।
চাঁদ দেখার তথ্য সরাসরি জানানোর জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বর চালু রাখা হয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) চাঁদ দেখার সংবাদ জানানো যাবে।



























