ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা
ঈদের আনন্দময় সময় শেষ হতেই আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের তৃতীয় দিন থেকেই রাজধানী ঢাকায় ফেরার ভিড় বেড়েছে, বিশেষ করে লঞ্চযাত্রায় কর্মজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের লঞ্চ একের পর এক ভিড়তে থাকে। দীর্ঘ ছুটির সুযোগে প্রিয়জনদের সঙ্গে বেশি সময় কাটাতে পেরে খুশি যাত্রীরা। তারা জানান, জীবিকার প্রয়োজনে আবারও নগর জীবনে ফিরে আসতে হচ্ছে, তবে এবারের যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। অনেকেই ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখন গ্রামে যাচ্ছেন আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে। ঈদের সময়ের অতিরিক্ত ভিড় ও ভোগান্তি এড়াতেই তারা ঈদের পরের সময়টিকে বেছে নিয়েছেন বলে জানান।



























