বুধবার ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২৫ মার্চ ২০২৬

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া, তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বর্তমানে মো. সরওয়ার আলম সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে আরও দুইজন কর্মকর্তা যুক্ত হলেন।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে প্রত্যাহার করেছিল। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পূর্বের প্রেস সচিব সরওয়ার আলমকে পুনরায় একই পদে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, পৃথক এক আদেশে কমডোর মো. আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে নিয়োগ দিয়ে তার চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে বর্তমান সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর মো. রাশেদ সাত্তারকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সর্বশেষ