সম্পত্তি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর ছেলের
গাইবান্ধার সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামে জমি বিতর্কের জেরে এক ছেলে বাবার কবর ভাঙচুর করেছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা দেড়টার দিকে।
ঘটনার ৪৮ সেকেন্ডের একটি ভিডিও গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কবরের চারপাশে বাঁশের খুঁটি ও প্লাস্টিকের জাল দিয়ে ঘেরা অবস্থায় কবরটি রাখা হয়েছে। কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পরা এক যুবক কখনো লাঠি দিয়ে, কখনো পা দিয়ে কবরের বেড়া ভাঙছেন এবং গালিগালাজ করছেন। কবরের বেড়া ভাঙচুর করে তছনছ করার পর তিনি শান্ত হন।
স্থানীয়রা জানান, আনালেরতাড়ি গ্রামের আবদুল মান্নান মৃত্যুর আগে তার পাঁচ ছেলে মধ্যে চার বিঘা জমি ভাগ করে দেন। এর মধ্যে দ্বিতীয় ছেলে ইকবাল মিয়াকে বেশি জমি দেওয়া হয়। ছোট ছেলে শাহ আলম অভিযোগ করেন, তাকে কম জমি দেওয়া হয়েছে। ক্ষুব্ধ হয়ে শাহ আলম মঙ্গলবার বেলা দেড়টার দিকে বাবার কবর ভাঙচুর করেন। বাবার কবর দেওয়া হয়েছিল দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জায়গায়। শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হাই কবর ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। তিনি বলেন, “ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক।” খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হাক্কানীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



























