শনিবার ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ২৬ জুন ২০২৬

নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৭টি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দল সাতটি হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্ট সাতটি দলকে পাঠানো হয়েছে।’

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব দল প্রার্থী মনোনয়ন দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের বিবরণী জমা না পাওয়ায় গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের অনুরোধ করা হয়। পরবর্তীতে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব জমা দিতে বলা হলেও নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দলগুলো তা দাখিল করেনি।

আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদে বলা আছে, নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে সময় বাড়াতে পারে। এরপরও হিসাব দাখিল না করলে নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন ১০ হাজার টাকা জরিমানাসহ ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জনপ্রিয়