শনিবার ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৪, ২৬ জুন ২০২৬

সঠিক মানুষের অপেক্ষায় তটিনী

সঠিক মানুষের অপেক্ষায় তটিনী
ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে ঘিরে প্রেম ও বিয়ে নিয়ে নানা প্রশ্ন প্রায়ই ঘুরেফিরে আসে। তবে এসব জল্পনা-কল্পনার মাঝেই নিজের সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তটিনী স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে জড়িত নন। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিয়েকে দেখেন তিনি, আর তাই সঠিক মানুষের সন্ধান পেলেই কেবল বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছেন।

এর আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এ বিষয়ে শুরু থেকেই একই অবস্থানে রয়েছেন তটিনী। তার ভাষায়, ইয়াশ শুধুই তার খুব ভালো বন্ধু।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। এইটা আমি আসলে এতবার বলেছি! আর আমার মনে হয়, প্রেম যদি থাকত তাহলে জিনিসটা আমি আরও প্রাইভেটলি হ্যান্ডেল করতাম। আসলে এইটা নিয়ে আমি কথা বলার সুযোগই দিতাম না। সো, আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনো প্রেম নেই।”

ভবিষ্যতে কেমন জীবনসঙ্গী চান—এমন প্রশ্নের উত্তরে তটিনী জানান, তিনি এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যিনি তাকে এবং তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সম্মান করবেন।

অভিনেত্রীর ভাষায়, “বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে প্রপার সম্মান দিবে, আমাকে, আমার প্রফেশনকে, আমার ফ্যামিলিকে ভালোবাসবে—অবশ্যই। আমার কাছে একটা কথা সবসময় মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ খুব দরকার; যে আমাকে ভালো রাখতে পারবে। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেয়, তাহলে করব।”

তার মতে, একটি সম্পর্কে শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট নয়; প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং একে অপরকে ভালো রাখার মানসিকতা।

এ বিষয়ে তটিনী আরও বলেন, “ভালোবাসা একটা পয়েন্ট পর্যন্ত তো অবশ্যই দরকার। বাট আমার কাছে মনে হয় মেইন প্রায়োরিটি—আপনাকে ভালো রাখতে পারছে কি না। অনেকে অনেক ভালোবাসলেন, বাট সে আপনাকে প্রপার সম্মান দিল না; দিনশেষে সেখানে তো শান্তি নেই।”

বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন তানজিম সাইয়ারা তটিনী। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তার অভিনীত নাটকগুলো দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পাওয়া সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত এবং খাইরুল বাশারের সঙ্গে তার অভিনীত নাটক ‘সুতরাং’-ও দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।

জনপ্রিয়