শেখ হাসিনার বক্তব্য প্রচার আদালতের নির্দেশনার লঙ্ঘন: তথ্য উপদেষ্টা
দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার আদালতের নির্দেশনার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকটি গণমাধ্যম সেই নির্দেশনা অমান্য করে তার বক্তব্য প্রচার করছে। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছি না। তবে গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিতে চাই। আদালতের নির্দেশনা অমান্য করার প্রবণতা অব্যাহত থাকলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার গণমাধ্যমকে সবসময় সহযোগী হিসেবে বিবেচনা করে। গণমাধ্যমের সমালোচনা ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই সরকার প্রয়োজন হলে বিভিন্ন সিদ্ধান্ত পরিমার্জন বা পরিবর্তন করে। তিনি বলেন, সরকার গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে চায়।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ থাকবে। দলটি ‘রিফর্মড’ বা অন্য যেকোনো নামে রাজনৈতিক কর্মসূচি পালনের চেষ্টা করলেও তা করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



























