বুধবার ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ৩০ জুন ২০২৬

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়মে আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবফাইল আপলোড সম্পন্ন হলে খালি থাকা সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্ধারণ করবে সিস্টেম।

আইভ্যাক জানিয়েছে, বুধবার (১ জুলাই) থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) সব ধরনের ভিসার ক্ষেত্রে নতুন এ ব্যবস্থা চালু হচ্ছে। প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে আবেদনকারীদের জন্য ক্রমানুসারে সময় নির্ধারণ করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওয়েবফাইল আপলোড করা যাবে। এরপর বিকেল ৫টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হবে। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবফাইল আপলোড সম্পন্ন করা আবেদনকারীরাই সেদিনের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য বিবেচিত হবেন।

আইভ্যাকের ভাষ্য অনুসারে, নতুন ব্যবস্থার ফলে আবেদনকারীদের আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করতে হবে না। আবেদন জমা দেয়ার সময় সিস্টেমে খালি থাকা একটি সময় স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট আবেদনকারীর জন্য বরাদ্দ হবে।

আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থেকে আবেদন জমা দেয়ার পরামর্শ দিয়েছে আইভ্যাক। নির্ধারিত সময় মেনে আবেদন জমা দিলে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে জরুরি চিকিৎসা, অন্যান্য জরুরি প্রয়োজনে ভিসা এবং যেসব বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীর তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য ভারতের বিদেশি দূতাবাসে আগে থেকেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে; তাদের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের পাঁচটি আইভ্যাকে সীমিতসংখ্যক অ্যাপয়েন্টমেন্ট চালু রয়েছে। আইভ্যাক জানিয়েছে, স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা সীমিত পরিসরেই অব্যাহত থাকবে।

এছাড়া ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার নামে অর্থ আদায়ের প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে আইভ্যাক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতীয় হাইকমিশন বা সহকারী হাইকমিশনের কোনো কর্মকর্তা ব্যক্তিগত ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট স্লট দেয় না। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যে দেয়া হলেও আইভ্যাকের নির্ধারিত ভিসা প্রক্রিয়াকরণ ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ দাবি করা হলে সেটি প্রতারণা হিসেবে বিবেচিত হবে।

জনপ্রিয়