ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
শ্রমিক ধর্মঘটের জেরে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১ জুলাই) দুই হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর এই গার্মেন্টেসটি বন্ধ ঘোষণা করা হয়।
কর্তৃপক্ষের দেওয়া এক নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন সকাল থেকে শ্রমিকরা কারখানায় বে-আইনি ধর্মঘট করে কাজ বন্ধ করে দেয়। কর্তৃপক্ষ তাদের কাজে যোগদান করার জন্য অনুরোধ করলেও ৩০ জুন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখে। পরে বাধ্য হয়ে ১ জুলাই থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট ২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত ২৭ জুন রুবিনা বেগম (৫০) নামের এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
তাকে কারখানার মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনাবাড়ী ক্লিনিকে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিটিউট মেডিক্যালে রেফার করা হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরদিন সকালে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর জানাজানি হলে কারখানার অন্য শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।
শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে রুবিনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েক দিন ধরে কারখানায় অসন্তোষ বিরাজ করছিল।
মৃত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।



























