বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে সিলেট ও কলকাতায় গেল দুটি ফ্লাইট
বৈরী আবহাওয়ার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি দুটি আন্তর্জাতিক ফ্লাইট। সেই ফ্লাইট দুটি ডাইভার্ট হয়েছে সিলেট ও কলকাতায়। একইসঙ্গে প্রায় অর্ধশতাধিক ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি।
শাহজালাল বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় ভোর থেকে বৃষ্টির কারণে হজরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। পরে সে দুটি ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতা চলে যায়।
এর মধ্যে ইউএস-বাংলার একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকা আসছিল। কিন্তু ঢাকায় নামতে না পেরে সেটি পরে সিলেটের ওসমানী বিমানবন্দরে এবং চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এছাড়া আবুধাবি থেকে আগত ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ও চট্টগ্রাম ফ্লাইট এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটসহ অর্ধশতাধিক উড়োজাহাজ আকাশে চক্কর দিয়ে দেরিতে অবতরণ করেছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈরী আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট বিলম্বে ছেড়েছে। যেগুলো এখনো যেতে পারেনি, সেগুলোর সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। ফলে বিদেশ যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
যদিও এ বিষয়ে সম্পর্কে জানতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।



























