সোমবার ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩, ১২ জুলাই ২০২৬

জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নামছে বিএনপি

জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নামছে বিএনপি
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সংসদের বিরোধী দল। তাদের এই প্রচেষ্টার নিন্দা জানিয়ে এ বিষয়ে দলীয় অবস্থান জনগণের কাছে পৌঁছে দেয়ার প্রক্রিয়া আরও সক্রিয় করবে ক্ষমতাসীন বিএনপি।

রবিবার বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

স্থায়ী কমিটির সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন নিয়ে আলোচনা হয়। সাংগঠনিক তৎপরতা জোরদার করার আহ্বান জানানো হয় দলীয় ইউনিটগুলোর। একইসঙ্গে দলীয় কার্যক্রম আরও সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সভায় যথাসম্ভব দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এছাড়া বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা হয়। সন্তোষ প্রকাশ করা হয় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, চার্চের ফাদার, বৌদ্ধ মন্দিরের সেবায়েতদের ভাতা প্রদানের কর্মসূচির অগ্রগতিতে।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয় সভায়। আশা প্রকাশ করা হয় যে, নির্ধারিত সময়ের মধ্যে ইশতেহারে বর্ণিত বিষয়গুলোর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। এ ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়।

এছাড়া সভায় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে দেশ দুটির সঙ্গে সম্পাদিত সব চুক্তি ও সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়ে জানোনো হয়। সভা মনে করে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এই সফরের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে।

অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হওয়াকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের একটি বড় সাফল্য হিসেবে দেখা হয়। জাতীয় স্থায়ী কমিটি আশা প্রকাশ করে, এই বিজয় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।

দলের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় সভায়। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, আজ রবিবার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস (ভার্চুয়ালি), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

সূত্র: আগামীর সময়

জনপ্রিয়