ইতালিতে ৭ ঘণ্টা ধরে আটকা বাংলাদেশ বিমানের ফ্লাইট
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন ২৫৬ জন যাত্রী।
জানা গেছে, টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি নির্ধারিত জ্বালানি নেওয়ার বিরতির সময় ইতালিতে অবতরণের পর যান্ত্রিক সমস্যায় পড়ে।
ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে জ্বালানি নেওয়ার জন্য ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং তা মেরামত করা প্রয়োজন। এ কারণে ফ্লাইটের পরবর্তী যাত্রা স্থগিত করা হয়।
যাত্রীরা জানান, স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়েতে অবস্থান করছিল। তবে কখন আবার ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে, সে বিষয়ে তাদের নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় যাত্রীদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। ফ্লাইটটি পুনরায় কখন যাত্রা শুরু করবে, সে বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।



























