বুধবার ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ১২ আগস্ট ২০২৬

সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, কোস্ট গার্ডের সতর্কতা

সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, কোস্ট গার্ডের সতর্কতা
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাসনে সমুদ্রে আবহাওয়ার বিরুপ প্রভাবের ফলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভোলার আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সমুদ্রে কোনো মাছধরা ট্রলার যেতে পারবে না।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন উপকূলীয় এলাকায় জরুরি ভিত্তিতে বিশেষ সতর্কতামূলক নোটিশ জারি করেছে। 

কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) মো.জামিলুর রহমান কর্তৃক জারিকৃত এ নোটিশে বলা হয়েছে-সব জেলে, ট্রলার ও নৌযানের মালিক, ঘাট কমিটির সভাপতি, বোট মালিক সমিতির সভাপতি এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা আনুমানিক ১২-১৮ ফুটের মধ্যে ওঠানামা করছে। এছাড়াও সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল ও বৈরী রয়েছে।

এমতাবস্থায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে জীবনহানির আশঙ্কা রয়েছে। এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করাও অত্যন্ত কঠিন, ফলে উদ্ধারকারী সদস্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে।

উল্লেখ্য, আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতি আরও ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে বলেও ওই নোটিশে উল্লেখ করা হয়েছে। 

সূত্র: বাসস

জনপ্রিয়