শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ২৮ আগস্ট ২০২৬

অর্থ নয়, সততা ও দক্ষতাই আইনজীবীর প্রকৃত পরিচয়: আইনমন্ত্রী

অর্থ নয়, সততা ও দক্ষতাই আইনজীবীর প্রকৃত পরিচয়: আইনমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

আইন পেশায় প্রতিষ্ঠিত হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ‘ফেলিসিটেশন প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বা শর্টকাট পদ্ধতিতে দ্রুত অর্থবিত্তের মালিক হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নীতি-নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ নেই। এমনকি এনরোলমেন্ট কমিটির সদস্যদের সন্তানরাও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার নজির রয়েছে। তাই নবীন আইনজীবীদের নিজেদের যোগ্যতা ও মেধার ওপর আস্থা রেখে পেশাগত জীবনে এগিয়ে যেতে হবে।

নবীন আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিষ্ঠা পেতে হলে শুরুতে কঠোর পরিশ্রম করতে হয়। কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে কাজের সুযোগ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। সময়ের সঙ্গে দক্ষতা বাড়লে কাজের পরিধি ও আয়ও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, একজন আইনজীবীর সফলতা শুধুমাত্র অর্থ দিয়ে বিচার করা উচিত নয়। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের পাশে দাঁড়ানোও এ পেশার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্কুল অব ল’-এর ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এম. এ. বাকি খলিলি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ডিপার্টমেন্ট অব ল’ অ্যান্ড হিউম্যান রাইটসের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. নূর-ই মেডিনা সূরাইয়া জেসমিন। পরে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির আইন বিভাগের গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয়