শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ২৯ আগস্ট ২০২৬

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

শনিবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদপুর জেলার পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, “একটি মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের দাম বাড়ানোর চেষ্টা করছে। নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা না দিলে সার পাওয়া যায় না—এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষিমন্ত্রী বলেন, দেশের চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন অতিরিক্ত সার আমদানি করা হয়। পাশাপাশি সমপরিমাণ সার নিরাপত্তা মজুদ হিসেবে সংরক্ষণ করা থাকে। তাই দেশে প্রকৃত অর্থে সারের সংকট হওয়ার কোনো কারণ বা সুযোগ নেই।

তিনি বলেন,“ কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী কৃত্রিমভাবে সংকটের পরিবেশ তৈরি করে সারের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে।”

মন্ত্রী আরও বলেন, কিছু খুচরা বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করছেন। কিন্তু অতিরিক্ত টাকা দিলে তারাই আবার সার সরবরাহ করছেন। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়