বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে : শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি (লিডিং নেশন) হিসেবে আত্মপ্রকাশ করবে। দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মেধাবী তরুণ সমাজ। তাদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মেধাবীদের সংবর্ধনা ও যথাযথ মূল্যায়নের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের ধারাবাহিকতায় বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও বৈপ্লবিক সংস্কারের উদ্যোগ নিয়েছে।”
মন্ত্রী বলেন, কাব, স্কাউট, গার্লস গাইড ও রোভারদের জন্য পৃথক স্কিম প্রণয়ন এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকেই পাঠ্যক্রমে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা এবং আনন্দময় শিখনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”
ড. মিলন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন, বিনামূল্যে ড্রেস বিতরণ এবং মিড-ডে মিল চালুর মতো বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি একটি দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।



























