বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৬

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনয়ে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে পথচলা অব্যাহত রেখেছেন। তবে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পরও জীবনের একটি অপূর্ণতা আজও তাকে ভাবায়। অল্প বয়সে অভিনয়ে আসার কারণে নিজের পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপ এখনও রয়েছে তার। আর সেই অভিজ্ঞতাই দুই ছেলে তৈমুর ও জেহর শিক্ষার বিষয়ে তাকে বিশেষভাবে সচেতন করে তুলেছে।

কাপুর পরিবারের মেয়ে এবং পতৌদি পরিবারের পুত্রবধূ কারিনার অভিনয়ের জগতে প্রবেশ খুব অল্প বয়সেই। ক্লাস ইলেভেনের পর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। এরপর ব্যস্ত কর্মজীবনের কারণে আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে বলিউডে শক্ত অবস্থান গড়ে তুললেও অসমাপ্ত শিক্ষাজীবনের বিষয়টি এখনও তাকে আক্ষেপে ভোগায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অপূর্ণতার কথা খোলাখুলিভাবে তুলে ধরেছেন কারিনা। একই সঙ্গে সন্তানদের লেখাপড়ার বিষয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

কারিনার ভাষায়, ‘আমি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দিতে চাইনি। সবসময়ই চেয়েছিলাম লেখাপড়া যাতে করতে পারি। তাই আমার এখনও আফসোস হয়। আমি জানি অনেকেই এটা নিয়ে ঠাট্টা করতে পারে বা যা খুশি বলতেও পারে। কিন্তু সেই সময়ে যে সুযোগটা এসেছিল, তাতে ক্লাস ইলেভেনের পরে আর পড়াশোনা করতে পারিনি।’

অন্যদিকে, মাতৃত্বের অভিজ্ঞতাও কারিনার জীবনে এনে দিয়েছে ভিন্ন এক অনুভূতি। বোন কারিশমা কাপুরের সঙ্গে বেড়ে উঠেছেন তিনি। শৈশবে কোনো ভাইয়ের সঙ্গ না থাকায় নিজের দুই ছেলেকে একসঙ্গে বড় হতে দেখাটা তার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি আর কারিশমা দুই বোন। তাই দুই ছেলে থাকাটা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। এটা প্রায় এক অলৌকিক অভিজ্ঞতার মতো। কারণ, আমি কখনও কোনও ভাইয়ের সঙ্গে বড় হইনি। তাই তৈমুর আর জেহকে দেখাটা আমার কাছে অসাধারণ এক অনুভূতি। আমি প্রতিদিন নতুন কিছু শিখছি।’

নিজের জীবনের অপূর্ণতার কথা যেমন অকপটে স্বীকার করেছেন কারিনা, তেমনি মাতৃত্বের প্রতিটি মুহূর্তও উপভোগ করছেন তিনি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এখন সন্তানদের ভবিষ্যৎ ও শিক্ষার বিষয়েও আরও সচেতন এই বলিউড তারকা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়