বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

“অপরাধ নিয়ন্ত্রণে এসেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে”

“অপরাধ নিয়ন্ত্রণে এসেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে”
ছবি: সংগৃহীত

বিগত সময়ের তুলনায় দেশের অপরাধচিত্র অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘তাবলীগ জামাত বাংলাদেশ’-এর সাদপন্থী অংশের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ের তুলনায় দেশের সামগ্রিক অপরাধচিত্র অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত কেন্দ্র ও জেলাভিত্তিক সংকলিত তথ্য অনুযায়ী হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের মধ্যে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক একটি সফল অভিযানের উদাহরণ তুলে ধরে মন্ত্রী জানান, রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইকারীর কবলে পড়ে মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং প্রয়োজনীয় আলামত জব্দ করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গোয়েন্দা নজরদারি ব্যবস্থা বর্তমানে অত্যন্ত সক্রিয় রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রতিদিনের অপরাধ পরিস্থিতি এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় ও টেকসই করতে সরকারের এ প্রচেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয়