চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের উচ্ছেদ অভিযান
চট্টগ্রাম নগরের কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শতাধিক অবৈধ হকার ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাতের সৌন্দর্য নষ্টকারী অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়।
অভিযান চলাকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে পারবে না। হকার ও অবৈধ ব্যানার-পোস্টার উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, অভিযানের পর যাতে আবার ফুটপাত দখল না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। শিগগিরই পুরো নগরে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
চসিক মেয়র আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নগরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। উচ্ছেদ অভিযানের পর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের নিয়মিত নজরদারি বাড়াতে হবে। অভিযানের পর কেউ পুনরায় ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ট্রাফিক বিভাগকে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের অধিকার নিশ্চিত করতে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চালাবে। একই সঙ্গে নগরবাসী ও ব্যবসায়ীদেরও আইন মেনে ফুটপাত ও সড়ক ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



























