মায়েদের অসম্মান করলে পরিণাম খুব বাজে হবে : রিচা
মা হওয়ার পর নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তনকে ঘিরে কটূক্তি ও সমালোচনার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের অভিনেত্রী রিচা চাড্ডা। বিশেষ করে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মাতৃত্ব-পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই ইস্যুতে সালমান খানের প্রতিবাদেরও প্রশংসা করেছেন রিচা।
মা হওয়ার পর স্বাভাবিকভাবেই ক্যাটরিনা কাইফের চেহারায় পরিবর্তন এসেছে। কিছুটা স্থূলতাও দেখা দিয়েছে অভিনেত্রীর মধ্যে। তবে এই স্বাভাবিক পরিবর্তন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ কটূক্তি ও ‘নোংরা’ সমালোচনায় মেতে ওঠে। বিষয়টি নিয়ে অনেকেই প্রতিবাদ জানালেও আলোচনায় আসে সালমান খানের অবস্থান।
নিজের উপস্থাপনায় ‘বিগ বস’ অনুষ্ঠানে ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ করেন সালমান। এমনকি ক্ষোভ প্রকাশ করতে অনুষ্ঠানে নিজের শার্ট খুলেও প্রতিবাদ জানান বলিউডের এই অভিনেতা।
সালমানের এমন প্রতিবাদের প্রশংসা করেছেন রিচা চাড্ডা। নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানতাম না যে তিনি (সালমান) এ বিষয়ে কথা বলেছেন। তবে এটা দারুণ ব্যাপার! এমন কথা বলা সত্যিই বড় মনের পরিচয়। এসব সমালোচনায় গুরুত্ব দেওয়া উচিত নয়। কিছু পুরুষের চিন্তাভাবনা এতই ছোট যে, সন্তান জন্ম দেওয়ার মতো গভীর অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা কখনো যেতে পারবেন না।’
মাতৃত্বের মতো গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া নারীদের যথাযথ সম্মান দেওয়া উচিত বলেও মনে করেন রিচা। তার মতে, নারীদের অসম্মান করার পরিণতি কখনো ভালো হতে পারে না।
রিচা বলেন, “আমাদের (নারী) ছাড়া তাদের (পুরুষ) অস্তিত্বই নেই। প্রত্যেকেই তো কোনো না কোনো নারীর গর্ভ থেকেই পৃথিবীতে এসেছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী, আপনি যদি মায়েদের নিয়ে মজা করেন, অসম্মান করেন, তার পরিণাম খুব বাজে হবে। যে মানুষগুলো নিজের শরীর নিয়ে অসন্তুষ্ট—বড় ভুঁড়ি কিংবা মাথার চুল কমে যাওয়ার মতো বিষয় থাকা সত্ত্বেও নারীদের শরীর নিয়ে মন্তব্য করে, আসলে তারা নিজেদের শরীর নিয়েই খুশি নয়।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। এরপর সন্তানকে ঘিরেই ব্যক্তিগত পরিসরে সময় কাটাচ্ছিলেন তিনি। সম্প্রতি আম্বানিদের একটি অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হন ক্যাটরিনা। সেখানকার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই তার শারীরিক পরিবর্তন নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা ও সমালোচনা।



























