গোপালগঞ্জ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। রাজনীতিতে দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে। শেখ হাসিনার রাজনৈতিকভাবে ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই।
সোমবার দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি, বিদ্যুৎ খাতেও দুর্নীতি নেই। এ অবস্থায় আলোচনায় আসতেই আওয়ামী লীগ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা করছে।
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে তাতে দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং সেক্টরের ব্যালান্সশীট চুরি করে নিয়ে গেছে। এর দায়ভার নয়, কিন্তু দায়িত্ব নিতে দেশ চালাচ্ছে সরকার। ওভার প্রাইসে বিদ্যুৎ কিনতে হচ্ছে।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস, গণহত্যা করে যারা পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।



























