২৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট ও নিষিদ্ধ সিরাপ জব্দ
দিনাজপুর ও বিরামপুর সীমান্তসংলগ্ন এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৭০০ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। জব্দ করা এসব মাদকদ্রব্য ও সিরাপের সিজার মূল্য ৭ লাখ ৫ হাজার টাকা।
রোববার (১৫ নভেম্বর) রাতে খানপুর বিওপি এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ২৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর কোতোয়ালি থানার খুদিয়ারপাড়া এবং বিরামপুর থানার রেলগেট ও মণ্ডপের মোড় এলাকায় অভিযানগুলো চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় খানপুর বিওপি ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (অ্যালপ্রাজোলাম ০.৫) এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প ৭০০ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।



























