মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ
সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেলে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে নামা পোশাক শ্রমিকদের সঙ্গে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ ও বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ থেকে ১২টি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে মিরপুর-১০ থেকে পল্লবী ও মিরপুর-১২ নম্বর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এর আগে তাদের সড়ক অবরোধ না করতে মাইকিং করে পুলিশ। তবে শ্রমিকরা সেই নির্দেশনা উপেক্ষা করে সড়কে অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাফিক পুলিশের একটি বুথ ভাঙচুর করেন বলে জানা গেছে। সংঘর্ষের কারণে পুরো মিরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন জানান, পোশাক শ্রমিকরা মিরপুর-১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাদের সরিয়ে দিতে পুলিশ গেলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করেন। পরে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরেই মিরপুরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এর ধারাবাহিকতায় বুধবার সকালেও তারা সড়কে নামেন। সকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুরে আবারও মিরপুর-১২ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়।



























