পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ট্রাস্ট পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪ নম্বরের বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে সাগুফতার সামনে কাজ করছিলেন চালক মো. সাদ্দাম। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকের একটি আসনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



























