এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন
বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে মরিয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তার আইনজীবীরা। দ্বারস্থ হলেন দিল্লির বাংলাদেশ হাইকমিশনের।
হাসিনার হয়ে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়ে জানতে চেয়েছে, ওই দুটি নথি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া ই-মেইলের সঙ্গে যুক্ত করা হয়েছে হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও। অর্থাৎ তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক অনুমতিও জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বারস।
গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল সংস্থাটি। তাতে হাসিনার বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট এবং এনআইডি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু সেই আবেদনের সঙ্গে ছিল না হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র। আজ দ্বিতীয় ই-মেইলে যুক্ত হয়েছে হাসিনার স্বাক্ষর।
সংস্থাটির দাবি, আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে। কিন্তু গত দশ দিনে কোনো জবাব পায়নি তারা। তাই দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে ফের আবেদন করা হয়েছে।



























