কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরিত চিঠিতে চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র দেওয়া হয়। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া বলেন, কাশিমপুর কারাগার কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। কারাগারের নিরাপত্তা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরে কারা কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে জেলার সবগুলো কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



























