নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা
নেত্রকোনার বারহাট্টা উপজেলা ও জেলা সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন গ্রাম এবং নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং দলের উপজেলা কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়। এ সময় আমিরুলের ছোট ভাই দুলালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ, রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় আমিরুল চেয়ারম্যানের বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, সন্ধ্যার আগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নৈহাটি বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলের কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা আমিরুলের বাড়ি ও তার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অন্য ঘটনাগুলোর বিষয়ে ওসি বলেন, এসব ঘটনার কোনো খবর তাঁর কাছে আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে জানতে পেরেছেন। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে রাত আনুমানিক ৯টার দিকে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হেলমেট পরা একদল ব্যক্তি হঠাৎ বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।



























