দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। একই সঙ্গে গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষিত রেকর্ডরুমের সুরক্ষা নিশ্চিত করা এবং নৈশপ্রহরীদের দায়িত্ব পালনে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, দেশের স্থিতিশীল পরিবেশ বিঘ্নিত করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঢাকা সহ বিভিন্ন স্থানে হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব ঘটনায় দুষ্কৃতকারীরা সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটাচ্ছে।
এ ধরনের পরিস্থিতির মধ্যেই গত ৯ নভেম্বর গভীর রাতে ফেনী জেলা সদর রেকর্ডরুমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
নির্দেশনায় বলা হয়েছে, জেলা রেকর্ডরুম ও প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিসে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ও মূল্যবান দলিল সংরক্ষিত রয়েছে। এসব নথি সুরক্ষিত রাখা সংশ্লিষ্ট দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নৈশপ্রহরীরা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা নিয়মিত তদারকি করতে হবে।
এ ছাড়া প্রতিটি অফিসে অগ্নিনির্বাপক যন্ত্র সচল ও জরুরি প্রয়োজনে ব্যবহারের উপযোগী রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নিবন্ধন অধিদপ্তরের চিঠিতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে এসব নির্দেশনা গুরুত্বের সঙ্গে অনুসরণ এবং যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।



























