‘শিবিরের গুপ্ত কৌশল’ নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদের
ছাত্রশিবিরের রাজনৈতিক কৌশল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
তিনি দাবি করেছেন, জামায়াত-শিবিরের ‘গুপ্ত কৌশলের’ কারণেই দেশে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল। একইসঙ্গে তার অভিযোগ, গত ১৬ বছরে ছাত্রলীগের ভেতরে গুপ্তভাবে না থেকে যদি শিবির প্রকাশ্যে প্রতিরোধ গড়ে তুলত, তাহলে ছাত্রলীগ এত শক্তিশালী হয়ে উঠতে পারত না এবং শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না।
শুক্রবার (১৭ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘লীগ ধর’ শীর্ষক প্রতীকী ম্যারাথন কর্মসূচির প্রসঙ্গ টেনে লেখেন, ‘আজকে ঢাবিতে শিবির যে “লীগ ধর” নামে ম্যারাথন দৌড় দিয়ে প্রতীকীভাবে লীগকে পেটালো, ঠিক বিগত ১৬ বছর ছাত্রলীগের মধ্যে গুপ্ত না থেকে সত্যিই যদি লীগকে পেটাতো, তাহলে ছাত্রলীগ দানব হয়ে উঠতে পারত না। শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না।’
পোস্টে রাশেদ খান আরও বলেন, ‘সত্যি বলতে, শিবিরের ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া ব্যক্তিদের ৯০ শতাংশই একসময় ঠিক এভাবেই লীগের পেছনে দৌড়ঝাঁপ করেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াত-শিবিরের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি লীগের পতন না হতো, তাহলে শিবির তাদের কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগের মধ্যেই থেকে যেত। আজ যাদের অনেককে শিবিরের কর্মসূচিতে দেখা যাচ্ছে, তাদের অনেককেই তখন ছাত্রলীগের বড় বড় পদে দেখা যেত।’



























