নেপালের লিগে সানজিদার নতুন চ্যালেঞ্জ
নতুন চ্যালেঞ্জে পা রাখছেন বাংলাদেশের প্রতিভাবান নারী ফুটবলার সানজিদা আক্তার। এবার তিনি খেলতে যাচ্ছেন নেপালের নারী ফুটবল লিগে, যেখানে ললিতপুরের ক্লাব জাপা এফসির জার্সিতে মাঠ মাতাবেন এই গতিময় উইঙ্গার। মঙ্গলবার নেপালে পৌঁছে নতুন এই যাত্রা শুরু করেছেন তিনি।
এর আগে ভারত ও ভুটানের নারী ফুটবল লিগে খেলে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেছেন সানজিদা। বিশেষ করে ভারতের ইস্টবেঙ্গল ক্লাবে প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবে খেলেছিলেন তিনি, যা তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এবার বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে নেপালের লিগে খেলার সুযোগ পেয়ে আরও একটি নতুন ইতিহাস গড়তে চলেছেন তিনি।
নেপাল লিগে নিজের পারফরম্যান্স নিয়ে বেশ আশাবাদী সানজিদা। তিনি বলেন, “আশা করি ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব। ভুটান ও ভারতের লিগে খেলেছি, তবে নেপালের লিগে খেলার অভিজ্ঞতা এবারই প্রথম।”
সবশেষে তিনি বাংলাদেশ নারী ফুটবল লিগে পুলিশ এফসির হয়ে খেলেছেন। ভুটানের লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও এবার নেপালে তার পারিশ্রমিক আগের তুলনায় বেশি হবে বলেও জানিয়েছেন এই জাতীয় দলের ফুটবলার।
নতুন দেশে, নতুন লিগে—সানজিদার এই যাত্রা শুধু তার নিজের জন্যই নয়, বাংলাদেশের নারী ফুটবলের জন্যও এক গর্বের অধ্যায় হয়ে উঠতে পারে।



























