শনিবার ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ৪ জুলাই ২০২৬

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি
ছবি: সংগৃহীত

রেকর্ডগড়া রাতে কষ্টার্জিত জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে শক্তিশালী আর্জেন্টিনা। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর প্রতিপক্ষের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে নিজের দলের দুর্বলতাও অকপটে স্বীকার করে সামনে আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক জানান, শুরু থেকেই কঠিন এক লড়াইয়ের প্রত্যাশা ছিল তাদের।

তিনি বলেন, আমরা জানতাম ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে। এই দলটি (কেপ ভার্দে) স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটি প্রথমে করতে পেরেছিলাম, তা হলো প্রথম গোলটি করা। আমি ভেবেছিলাম এরপর আমরা আমাদের চেনা ছন্দ খুঁজে পাব এবং কিছুটা স্বস্তিতে খেলব, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। তারা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল।

তিনি আরও বলেন, নকআউটের লড়াইয়ে কেউ কাউকে কিছু উপহার দেয় না। আমরা সবসময় সব প্রতিপক্ষকে সম্মান করি। আমরা জানতাম কাজটা সহজ হবে না। এখন বিশ্বফুটবলে সবকিছু অনেক ভারসাম্যপূর্ণ। প্রতিটি ম্যাচই অনেক কঠিন হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম নেওয়া এবং সামনে কী আসছে তা নিয়ে ভাবা। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নেওয়া। আমরা অনেক ভালো কিছু করেছি, তবে কিছু ভুলও শুধরে নিতে হবে।

দলের পারফরম্যান্সের দুর্বল দিকগুলো নিয়েও খোলামেলা কথা বলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার দাবি, আমরা ঠিকঠাক প্রেসিং (প্রতিপক্ষকে চাপে রাখা) করতে পারছিলাম না, আমাদের রক্ষণ ও মাঝমাঠের লাইনের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। আমাদের বেশ বেগ পেতে হচ্ছিল। দলের খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বেশি থাকার কারণে কিছুটা সমন্বয়ের অভাব ছিল এবং ওরা যেভাবে শারীরিক শক্তি দিয়ে খেলছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারছিলাম না।

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের এই জয়টি ছিল চরম নাটকীয়তায় ভরা। মেসির গোলে শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে দিরয় দুয়ার্তে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেস আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও কেপ ভার্দের কাবরাল দৃষ্টিনন্দন এক গোলে ম্যাচে ফের সমতা আনেন। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে কেপ ভার্দের প্রশংসা করে মেসি বলেন, হ্যাঁ, এই দলটি এমন একটি দল যা লড়াই করতে জানে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে। আজ সেট-পিস (ফ্রিকিক/কর্নার) থেকে আমরা গুরুত্বপূর্ণ গোল পেয়েছি, যা এর আগে এই টুর্নামেন্টে হয়নি। এটা খুব দরকারি ছিল। আমাদের দলে ভালো হেডার আছে। আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি। টুর্নামেন্টে টিকে থাকতে সুযোগের সঠিক ব্যবহার করা এবং গোল করা খুবই গুরুত্বপূর্ণ।

এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। একই রাতে অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে (নির্ধারিত সময়ে ১-১) হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। আগামী মঙ্গলবার রাতে শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা ও মিসর।

সর্বশেষ

জনপ্রিয়