বিশ্বকাপ ব্যর্থতায় পদ ছাড়লেন ডাচ কোচ
মাঠে স্বপ্নভঙ্গের হতাশা, ডাগআউটে প্রধান কোচের বিদায়, আর মাঠের বাইরের বর্ণবাদী আক্রমণ। একদিনেই যেন একের পর এক কঠিন বাস্তবতার মুখোমুখি হলো নেদারল্যান্ডস। বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন করে দল গড়ার প্রস্তুতি শুরু হলেও, এই টুর্নামেন্টের শেষ অধ্যায় ডাচ ফুটবলের জন্য থেকে যাবে তিক্ত স্মৃতি হয়ে।
মঙ্গলবার মন্তেরেতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। টাইব্রেকারে জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রেসেনসিও সামারভিল পেনাল্টি মিস করেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তিন ফুটবলারকে লক্ষ্য করে বর্ণবাদী ও ঘৃণামূলক মন্তব্য করা হয়।
ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) জানিয়েছে, এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগগুলো আইনজীবীরা পর্যালোচনা করবেন। অপরাধের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে এবং প্রয়োজন হলে ফৌজদারি তদন্তও শুরু হতে পারে।
এদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৬৩ বছর বয়সী রোনাল্ড কোম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, কোচ হিসেবে নিজের পুরো ক্যারিয়ার নিয়ে তিনি গর্বিত। তবে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন পূরণ না হওয়ায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনিই।
কোম্যান আরও বলেন, একজন কোচ হিসেবে তিনি সবসময় দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন এবং ভবিষ্যতেও সেটাই করবেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, তার কোচিং ক্যারিয়ারও হয়তো এখানেই শেষ হতে পারে।
স্ত্রী বার্টিনা বর্তমানে স্তন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। এ প্রসঙ্গে কোম্যান বলেন, জীবনের এই অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে যে ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে। প্রিয় মানুষ কঠিন সময় পার করলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যায়।
কোম্যান প্রথমবার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের কোচ ছিলেন। তার অধীনেই দলটি ফ্রান্স ও জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে উয়েফা নেশনস লিগে দারুণ সাফল্য দেখায়। পরে বার্সেলোনার দায়িত্ব নিতে জাতীয় দল ছাড়েন তিনি।
২০২৩ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার দায়িত্ব নিলেও আগের সাফল্য ধরে রাখতে পারেননি কোম্যান। রক্ষণাত্মক কৌশল নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েন তিনি। মরক্কোর বিপক্ষে পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তও প্রশ্নের জন্ম দেয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায়ের মধ্য দিয়েই তার দ্বিতীয় অধ্যায়েরও সমাপ্তি ঘটল।



























