বুধবার ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ২২ জুলাই ২০২৬

আবারও মাঠে গড়াতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

আবারও মাঠে গড়াতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা ম্যাচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াই শেষ হলেও দুই দলের সম্ভাব্য আরেকটি ম্যাচ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে ফিনালিসিমা আয়োজনের নতুন সম্ভাবনার কথা উঠে এসেছে একাধিক প্রতিবেদনে।

বিশ্বকাপের আগে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা মাঠে গড়ায়নি। তবে স্পেনের বিশ্বকাপ জয়ের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালো দাবি করেছেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের নভেম্বরে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

ফিনালিসিমা হলো উয়েফা ইউরো এবং কনমেবল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যকার আন্তঃমহাদেশীয় লড়াই। ২০২২ সালে দীর্ঘ বিরতির পর এই প্রতিযোগিতা নতুন নামে ফিরে আসে। সেবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এর পরের আসরে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। শুরুতে কাতারের লুসাইল স্টেডিয়ামকে ভেন্যু ধরে পরিকল্পনা এগোলেও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেই আয়োজন বাতিল করা হয়। পরে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম এবং দুই দেশে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের প্রস্তাবও আলোচনায় আসে। তবে কোনো পরিকল্পনাই বাস্তব রূপ পায়নি।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, লুসাইল স্টেডিয়ামেই ম্যাচটি আয়োজনের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি কাতার সরকার ম্যাচটির আয়োজন-স্বত্বও নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে উয়েফা কিংবা কনমেবল এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

যদি পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে বিশ্বকাপ ফাইনালের কয়েক মাসের মধ্যেই আবারও মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ফলে দুই ফুটবল পরাশক্তির দ্বৈরথ নিয়ে সমর্থকদের আগ্রহ আরও বেড়েছে।

জনপ্রিয়