উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
রাজধানীর উত্তরা এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তার স্বামী লিমন হোসেন জানান, সকালে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে মুক্তা ব্যাটারিচালিত একটি রিকশায় করে মিরপুর পল্লবীর একটি শপিং সেন্টারে যাচ্ছিলেন। পথে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে এক ছিনতাইকারী হাত বাড়িয়ে মুক্তার হাতে থাকা ব্যাগে জোরে টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পর পথচারী ও রিকশার আরেক যাত্রী তাকে দ্রুত উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখানে পৌঁছে লিমন হোসেন তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান। পরে তাকে টঙ্গীর আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাসপাতালে আনার সময়ই মুক্তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। তার মাথা ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় তুরাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে।



























