রাজধানীর ডেমরায় সবজি বিক্রেতার ওপর নৃশংস হামলা, গ্রেফতার ১
রাজধানীর ডেমরায় আগের বিরোধের জেরে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সারুলিয়ার তালতলা এলাকায় সবুর খানের গ্যারেজের সামনে ভ্যানগাড়িতে সবজি বিক্রির সময় অজ্ঞাত হামলাকারীরা মহসিনকে (৪৫) কে এলোপাতাড়ি আঘাত করে।
রোববার সন্ধ্যায় সারুলিয়ার রোববার সন্ধ্যায় ডেমরার সারুলিয়ায় সবজি বিক্রির সময় মহসিনকে পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ধরে রাখে। আলী হোসেনের নির্দেশে ইয়াকুব ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর স্ত্রী রাজিয়া বেগম জানান, একটি পারিবারিক বিয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের জেরেই হামলাটি সংঘটিত হয়েছে।
এ ঘটনায় মহসিনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার মো. ইয়াকুব আলীকে (৩৮) জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিকেলে আদেশটি আসে।
সারুলিয়া এলাকা থেকে তাকে এদিন সকালে গ্রেফতার করা হয়। একই দিন ভোর পৌনে ৪টার দিকে ভুক্তভোগীর স্ত্রী রাজিয়া বেগম দুইজনের নাম উল্লেখসহ আরও দুজনকে অজ্ঞাত আসামি করে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ইয়াকুব আলী মাদারীপুরের কালকিনী উপজেলার পরগোনা গ্রামের বাসিন্দা ও মো. নুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি ডেমরার সারুলিয়া ওয়াসা রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন। অপরদিকে পলাতক আলী হোসেন (৪২) বরিশালের আগৈলঝারা উপজেলার আন্দারমানিক গ্রামের মিন্টু খলিফার ছেলে; তিনি সারুলিয়ার মঠবাড়ি এলাকায় রয়েছেন।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তাইফুর রহমান মির্জা গণমাধ্যমকে বলেন, এক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।



























