দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা , স্বামী পুলিশ হেফাজতে
রাজধানীর খিলক্ষেত এলাকায় পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য বিরোধের এক পর্যায়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে সংঘটিত এ হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আমিনুলকে (৪৪) আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রিকশাচালক আমিনুল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রিকশা চালাতেন। দিনাজপুরে তাদের স্থায়ী বাড়ি হলেও তারা খিলক্ষেতের ৩০০ ফিট নামাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, পারিবারিক অশান্তি ও পরকীয়া-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার (২৩ জুন) রাতে তর্ক-বিতর্কের একপর্যায়ে স্বামী স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে খিলক্ষেত থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুলকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল পরকীয়া-সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



























